দেশে গতানুগতিক ই-ব্যবসার ধারাণাকে বদলে দিয়েছে ইভ্যালি। নানান সময়ে প্রশ্ন উঠেছে কেন অনলাইন ব্যবসায় এলো দেশীয় এই প্রতিষ্ঠানটি। এবার এই প্রশ্নের উত্তর দিলেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর প্রথম দিনে অনুষ্ঠিত ‘জার্নি অব ফাউন্ডিং ইওর ওউন ভেঞ্চার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে ইভ্যালির যাত্রা শুরুর গল্প শোনান রাসেল।
তিনি বলেন, 'যারা ম্যানুফ্যাকচারিং করেন তাদের পণ্য ডিস্ট্রিবিউশন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। এ ডিস্ট্রিবিউশনটাকে যদি সহজ করা যায় তাহলে পণ্যের দাম কমে আসবে এবং গ্রাহক লাভবান হবে। এমন চিন্তা থেকেই ইভ্যালির যাত্রা।'
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভোশন এক্সপো সংক্রান্ত সব নিউজ পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে।
রাসেল জানান, ইভ্যালির এখন প্রতিমাসে ৬ থেকে ৭ লাখ ইউনিক অর্ডার হয়ে থাকে। কাজ করছে ১১০০ কর্মী।
সেমিনারে নতুন উদ্যোক্তাদের জন্য পথ বাতলে দেন ইভ্যালি সিইও। তিনি বলেন, 'নতুন উদ্যোক্তাদের শুরুতেই সম্পূর্ণ পোর্টফোলিও নিয়ে হয়তো আগানো সম্ভব হবে না। যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে এ সেক্টরে ভালো করা সম্ভব।
'স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের জন্য পুরো জার্নিটায় একটা গেম, যেখানে আপনাকে প্রতিনিয়ত ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে এগোতে হবে।', যোগ করেন তিনি।
সেমিনারে উপস্থিত ছিলেন, ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস ও লাইট ক্যাসেল সিইও বিজন ইসলাম প্রমুখ।